আফগানিস্তানের আরো তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ নিয়ে তালেবান তিন দিনের মধ্যেই পাঁচটি প্রাদেশিক রাজধানীর দখল নিল। এর মধ্যে গতকাল রোববার এক দিনেই কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী দখলে নেয় তারা। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
তালেবানের দখলে নেওয়া পাঁচটি প্রাদেশিক রাজধানীর মধ্যে কুন্দুজ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ২০১৫ ও ২০১৬ সালেও এই শহরের দখল নিয়েছিল তালেবান। তবে বিদেশি সেনাদের সহায়তায় সরকারি বাহিনী তখন কুন্দুজ পুনঃনিয়ন্ত্রনে নিয়েছিল। আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশ রয়েছে।
এর আগে গত শনিবার দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আগের দিন শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তারা।
গত রোববার দেশটির উত্তরে কয়েক ঘণ্টার মধ্যেই কুন্দুজ ও সার-ই-পলের পতন ঘটে। পরে সন্ধ্যায় তাকহারের রাজধানী তালুকানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। স্থানীয় আইনপ্রণেতা ও বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ তিনটি এলাকা দখলে নিতে গিয়ে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই হয়েছে তালেবান সেনাদের।
আফগানিস্তানজুড়ে তালেবানের সঙ্গে মার্কিনপন্থী সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে তিন দিনে পাঁচটি প্রাদেশিক রাজধানী শহরের পতন দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে।
কুন্দুজ দখল নিয়ে তালেবান আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তালেবান বলেছে, মারাত্মক লড়াইয়ের পর মুজাহিদিনরা আল্লাহর রহমতে কুন্দুজের রাজধানী দখল করেছেন।
স্থানীয় সূত্র ও সাংবাদিকেরা আল-জাজিরাকে নিশ্চিত করেছেন যে প্রাদেশিক রাজধানী কুন্দুজে বর্তমানে তালেবান সৈন্যরা অবস্থান করছেন।
তালেবানের পৃথক আরেক বিবৃতিতে বলা হয়, মুজাহিদিনরা সার-ই-পল শহর দখল করেছেন। সেখানকার সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছেন তাঁরা।
বার্তা সংস্থা এএফপি বলছে, কাবুলের উত্তরাঞ্চল ধরে রাখতে না পারা সরকারের দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য গুরুতর প্রমাণিত হতে পারে। আফগানিস্তানের উত্তরাঞ্চলকে দীর্ঘদিন ধরে তালেবানবিরোধী শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।
গত শুক্রবার তালেবান প্রথম দক্ষিণ-পশ্চিমের ইরান সীমান্তের কাছে নিমরোজের জারাঞ্জ দখল করে। এরপর জাওজানের সেবারঘানের নিয়ন্ত্রণও চলে যায় তাদের হাতে। পশ্চিমে হেরাত প্রদেশের উপকণ্ঠ ও লস্করগাহ, দক্ষিণে কান্দাহারেও তীব্র লড়াই চলছে।












