মার্কিন মদদপুষ্ট আফগানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্টি আমরুল্লাহ সালেহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবকে মহানুভবতার পরিচয় দিয়ে ক্ষমা করে দিয়েছে তালেবান।
সিনিয়র তালেবান নেতা খলিলুর রহমান হক্কানি বলেন, আশরাফ গনি, আমরুল্লাহ সালেহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের সাথে তালেবানের কোনো বিরোধ নেই। আমরা আশরাফ গনি, আমরুল্লাহ সালেহ ও হামদুল্লাহ মুহিবকে ক্ষমা করে দিয়েছি। তালেবানের সাথে তাদের বিরোধের একমাত্র ভিত্তি হলো ধর্ম। তারা ইচ্ছা করলে আফগানিস্তানে ফিরে আসতে পারে।
জিও নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তালেবানের পক্ষ থেকে ক্ষমা করার এ ঘোষণা দেন তিনি।
খলিলুর রহমান হক্কানি বলেন, আমাদের পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। যারা পালাচ্ছে, তারা ঠিক করছে না। তাদের কারণে শত্রুরা প্রপাগান্ডা চালাচ্ছে যে তালেবান তাদের ওপর প্রতিশোধ নেবে।
তিনি বলেন, তাজিক, বালুচ, হাজারা ও পশতুনরা সবাই আমাদের ভাই। সব আফগান আমাদের ভাই। আর এ কারণে তারা সবাই চাইলেই দেশে ফিরতে পারে। আমাদের মধ্যকার বিরোধের একমাত্র কারণ হলো, সিস্টেম পরিবর্তন নিয়ে।
খলিলুর রহমান হক্কানী বলেন, তালেবান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চায় না। আমেরিকা আমাদের দেশে হামলা চালানোর কারণে আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছি। আমরা তাদের সংস্কৃতি, ধর্ম ও দেশের বিরুদ্ধে লড়াই করেছি।
তিনি বলেন, আমেরিকানরা আমাদের দেশে আমাদের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করছে। কিন্তু আল্লাহ আমেরিকানদের অস্ত্রই তালবানের হাতে দিয়ে দিয়েছে।












