আরিফ মুসতাহসান
আফগানিস্তানের পাঞ্জশিরের সীমান্তে থাকা বাগলান প্রদেশের ৩টি জেলা বান্নু, পুলে হিসার, দেহ সালাহ তালেবানের নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২৩ আগস্ট) এক টুইট বার্তায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান।
এছাড়াও তালেবান বাহিনী আহমদ মাসুদের পাঞ্জশিরে শত্রু বাহিনীকে অবরোধ করে রেখেছে বলে তিনি ওই টুইটে উল্লেখ্য করেন।
তিনি আরো বলেন, তালেবান রক্তাক্ত যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
রাজধানী কাবুলসহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের হাতে চলে এলেও মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের কিছু সৈন্য পাঞ্জশিরে সমবেত হয়ে প্রতিরোধ চালানোর ঘোষনা দিয়েছে। কাবুলের উত্তরে অবস্থিত এ এলাকাটি তালেবানবিরোধী দুর্গ হিসেবে পরিচিত।
এর আগে রোববার তালেবানের আরবি টুইটার অ্যাকাউন্টে বলা হয়, স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ তুলে দিতে অস্বীকার করার পর ইসলামি আমিরাতের শত শত ‘মুজাহিদিন’ নিয়ন্ত্রণ নিতে পাঞ্জশির যাচ্ছে।











