কৃষিমন্ত্রী ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের মজুদ পরিস্থিতি সন্তোষজনক এবং বর্তমানে সারের কোনো ঘাটতি নেই।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বিগত ১৩ বছরে দেশে সার, বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোনো সঙ্কট হয়নি। কৃষকেরা সহজে, সুলভে পর্যাপ্ত সার পেয়েছে। এর ফলেই আজকে কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। আগামী বোরো মৌসুম পর্যন্ত প্রস্তুতি রয়েছে, সার নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরও অত্যন্ত সতর্কতার সাথে সার বিতরণ ব্যবস্থা তদারকি ও মনিটরিং করা হবে, যাতে করে সার নিয়ে কোনো সমস্যা না হয়। কৃষকেরা যাতে প্রয়োজনমাফিক অত্যন্ত সুলভে বাজারমূল্যে সার কিনতে পারে। এ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একত্রে কাজ অব্যাহত রাখবে।










