আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তানে মার্কিন সেনা ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশটিতে ‘সন্ত্রাসবাদের’ হুমকি প্রতিহত করার জন্য আবারও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা প্রয়োজন।
শনিবার (২৮ আগস্ট) ওয়াশিংটনে প্যানেট্টার বরাত দিয়ে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।
সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে আমেরিকা একটি ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে। তিনি কাবুলের প্রাণঘাতী বোমা হামলাকে ‘বাইডেনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, আমরা বর্তমানে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের চেষ্টা করছি। অথচ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা একটি যুদ্ধক্ষেত্রে থেকে বেরিয়ে আসতে পারি না। তার ভাষায় আমরা ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে যুদ্ধ ত্যাগ করতে পারি না। কারণ, ‘সন্ত্রাসবাদ’ আমাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি।











