কাশ্মীরসহ বিশ্বের সব মুসলিমদের পক্ষে তালেবান কথা বলবে বলে সংগঠনটির মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছেন।
তিনি বলেন, কাশ্মীরসহ পৃথিবীর অন্যান্য দেশেও মুসলিমদের অধিকার হরণ করা হলে তারও প্রতিবাদ এবং মুসলিমদের পক্ষে কথা বলবে তালেবান।
বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বলে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বলেন, মুসলমান হিসেবে আমাদের অধিকার আছে যে কাশ্মীর, ভারত বা অন্য কোনো দেশের মুসলিমদের জন্য আওয়াজ তোলার। মুসলিমরা হলো আমাদের নিজেদের ভাই। আর তাদের জন্য সবসময় আমরা সরব থাকব। মুসলিমরাও মানুষ, ওরাও নাগরিক আর তারা যে কোনো দেশের আইনে মৌলিক অধিকার পাওয়ার যোগ্য।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দিপক মিত্তাল দেখা করেছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মুহাম্মাদ আব্বাস স্তানাকজাইয়ের সাথে। ওই বৈঠকে তালেবান নেতা শের মুহাম্মাদকে ভারতের রাষ্ট্রদূত অনুরোধ করে বলেন, আফগানিস্তানের মাটি যেন ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করা না হয়।











