ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার নেতা ধর্মেন্দ্র অপর হিন্দুত্বাদী বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যের সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমরা যখন হিন্দুদের রক্ষায় মহাত্মা গান্ধিকে রেহাই দিইনি, তখন আপনাদের কী মনে হয় আমরা আপনাদের ছেড়ে দেবো? সরকার চিত্রদুর্গা, দক্ষিণ কন্নড় এবং মহীশূরে মন্দির ভেঙে দিয়েছে। কে চালাচ্ছে সরকার? যদি এ সব কংগ্রেসের আমলে ঘটে থাকে, তাহলে আপনারা কী মনে করেন পরিস্থিতি একইরকম থাকবে?
শনিবার (১৮ সেপ্টেম্বর) কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ম্যাঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন বলে হিন্দি গণমাধ্যম ‘হিন্দুস্তান’ এর খবরে বলা হয়েছে।
হিন্দুত্ববাদী নেতা ধর্মেন্দ্র বলেন, যতদিন হিন্দু মহাসভা থাকবে ততদিন কোনো হিন্দু মন্দির ভাঙতে দেওয়া হবে না।
এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমমাইকে খুনের হুমকির অভিযোগে হিন্দুত্ববাদী এই নেতাকে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে বলে কলকাতা টিভি নামের অনলাইন পত্রিকার খবরে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিণতিও গান্ধীর মত হবে বলে হুমকি দিয়েছিলেন ধর্মেন্দ্র৷ সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাকে৷











