মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ছিলাম গণতন্ত্রের অস্ত্রাগার, এবার আমেরিকা হবে টিকার ভাণ্ডার।
বুধবার(২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর কোভিড-১৯ ভার্চুয়াল সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাইডেন বলেন, আমরা ইতোমধ্যেই ১৬ কোটি ডোজ টিকা ১০০টি দেশে পাঠিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রার বাকি টিকা মধ্য ও নিুআয়ের দেশগুলোতে পাঠানো হবে। আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা দেবে ওয়াশিংটন।
তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে ওয়াশিংটনের খরচ হয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে বিশ্বনেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তার ওই বক্তব্যের পর, স্পেন ৩ কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে। জাপান বলেছে, তারাও দেবে আরও ৬ কোটি ডোজ টিকা।











