ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার যখন দিল্লি, আসামসহ নিজ দেশের বিভিন্ন অঞ্চল এবং দখলকৃত কাশ্মীরে মুসলিমদের ওপর সহিংস নিধন নীতি অনুসরণ করছে তখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহাত্মা গান্ধীর অহিংস নীতির দর্শন শেখালেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এক সাক্ষাতে মোদির সাথে গান্ধীর অহিংস নীতি নিয়ে আলাপ করেছেন তিনি।
বাইডেন মোদিকে বলেন, মহাত্মা গান্ধী অহিংস, মর্যাদা ও ধৈর্যের বার্তা দিয়ে গেছেন।
জানা যায়, মোদি বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। সেখানে মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের পার্কের সামনে লাফায়েত চত্বরে অসংখ্য ভারতীয় আমেরিকান জড়ো হয়ে মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
বিক্ষোভকারীদের হাতের প্লেকার্ডে লেখা ছিল, ‘ফ্যাসিবাদ থেকে ভারতকে রক্ষা কর’। এছাড়া ভারতে মানবাধিকার লঙ্ঘন, মুসলমানসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নতুন কৃষি আইন, দখলকৃত কাশ্মীরে হত্যাযজ্ঞের প্রতিবাদে মোদির সমালোচনা করা হয়েছে।
শিখ সম্প্রদায়ের বিপুলসংখ্যক লোককে প্রতিবাদ করতে দেখা গেছে মোদির বিরুদ্ধে। তারা পূর্ব পাঞ্জাবের স্বাধীনতা ও খালিস্তান প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
২০১৪ সালে ভারতের ক্ষমতা এসেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এরপর থেকে নজিরবিহীন ধর্মীয় মেরুকরণ ঘটেছে। মোদির আমলে যেখানে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। ২০ কোটি মুসলমানসহ সংখ্যালঘুদের কোণঠাসা করতে বেশ কয়েকটি আইন প্রণয়ন করা হয়েছে।












