ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ভবানীপুর উপনির্বাচনে এক ঢিলে দুই পাখি মারতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করছি, ভবানীপুর আগামীদিনে ভারত জয়ের সূচনা করছে। বি-ফর ভারত, বি-ফর ভবানীপুর।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোলকাতার ভবানীপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন তিনি।
মানুষের বাক স্বাধীনতা নেই উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীদিন ভবানীপুর যেন ভবানীপুর থাকে সেজন্য এই লড়াই। ভবানীপুরকে ভাটপাড়া হতে দেবো না। কেউ কোথাও কিছু বলতে পারছে না। কথা বলার স্বাধীনতা নেই। কে কী করবে, কোথায় হাঁটবে, কোথায় চলবে (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী) যোগী আদিত্যনাথ ঠিক করে দিচ্ছে! আর কী বলছে? বাংলার উন্নয়ন হয়নি! আরে বাংলার উন্নয়ন হয়নি তাহলে রাজ্যে উন্নয়নের খতিয়ান দেখাতে কোলকাতার মা-ফ্লাইওভারের ছবি চুরি করতে হচ্ছে কেন?
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, কোভিডের সময়ে আপনি গঙ্গায় ডেড বডি ভাসিয়ে দিয়েছেন। এখানে আসলে আমরা শেষযাত্রা সম্পন্ন করছি সম্মানের সঙ্গে। পশ্চিমবঙ্গে কোভিডের সময়ে বিজেপি নেতাদের মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। নিজের জীবন বিপন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।












