তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার মূল মদদদাতা ও পরবর্তীতে তথাকথিত হ্যাঁ/না ভোটের কুশিলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। সেইসঙ্গে তার ছেলে তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার বিচারও এই বাংলার মাটিতেই হবে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কানাডার ভ্যানকুভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে দায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো।
মুরাদ হাসান বলেন, শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, মৌলবাদ চলবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণ করতে পারবো ইনশা আল্লাহ।











