বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ ভালো নেই। মানবেতর জীবনযাপন করছে। দেশে গণতন্ত্র,আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে সকল বিরোধী দল ও মতের মানুষের দাবি এক এবং অভিন্ন। এটা জনগণের দাবি। গায়ের জোরের সরকারের পতন ঘটাতে হবে,এই এক দফার আন্দোলনের কোন বিকল্প নেই। তাদেরকে যত দ্রুত সরানো যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।
শনিবার (২ অক্টোবর) কুমিল্লার তিতাস উপজেলার ‘তিতাস ভবনে’ ৯টি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতাদের পরিচিতি ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.মোশাররফ বলেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি,তাদের অধীনে আর কোন নির্বাচন নয়। এখন আমাদের একটাই দাবি- এই ফ্যাসিস্ট সরকারকে গণআন্দোলনের মাধ্যমে বিদায় ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা।
তিনি বলেন, দেশ জুড়ে বিএনপির নেতা-কর্মীসহ বিরোধী দল ও মতের মানুষ মামলা-হামলার শিকার হয়ে বিপর্যস্ত। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তৃণমূলের নেতারা সরকার হঠানোর জন্য কঠোর আন্দোলনে যেতে প্রস্তুত। এখন আন্দোলনের আর কোন বিকল্প নেই।











