আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আজ সারা বিশ্বে সম্প্রদায়ে-সম্প্রদায়ে, জাতীতে-জাতীতে যে বিদ্বেষ-হিংসা ছড়িয়ে পড়েছে, তা থেকে মানবজাতীকে রক্ষা করতে মহাত্মা গান্ধীর অহিংস বাণী প্রেরণা যোগায়।
শনিবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, হিংসা দিয়ে পৃথিবীতে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি। সংঘাতমুক্ত সমাজ, সংঘাতমুক্ত পৃথিবী ও যুদ্ধমুক্ত বিশ্ব গঠনে মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে মহাত্মা গান্ধীর দর্শন।
তিনি বলেন, হিংসা থেকে দূরে রাখাই ছিল মহাত্মা গান্ধীর অন্যতম মূলমন্ত্র। সামরিক অস্ত্রের বিপরীতে, অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, অরোমা দত্ত এমপি, বালাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তৌম পাউতি আইনেন ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রমুখ।











