সিলেটের গোলাপগঞ্জের একটি কাশবনে বহিরাগতরা এসে অশ্লীল কর্মকাণ্ড ঘটায়। যার কারণে এলাকায় এর খারাপ প্রভাব পড়ছে অভিযোগ তুলে ওই কাশবনে আগুন দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় এলাকাবাসী একত্রিত হয়ে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থিত ওই কাশবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা বলেন, কাশবনের সৌন্দর্য দেখার নাম করে কিছু মানুষ সেখানে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে। শুক্রবার (১ অক্টোবর) কয়েকবার সেখানে মারামারির ঘটনা ঘটেছে। এক মেয়ের ওড়না ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে স্থানীয়রা তা সমাধান করে দেন। এসব কারণেই তারা কাশবনে আগুন দিয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির বলেন, কাশবনটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়েছি। বনটি ব্যক্তি মালিকানাধীন জায়গায়। সরকারি জায়গায় হলে সেটি পর্যটন স্পটে রূপান্তর করা যেত।











