নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথিবীর বেশিরভাগ দেশই তাদের জিডিপি ধরে রাখতে পারেনি। (অথচ বাংলাদেশের বর্তমান) মাথাপিছু আয় ২২৭০ ডলার। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই। বাংলাদেশ এখন ঋণ দেয়; সেই পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে মঞ্জুরি দেয়। সেই সক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা লালন করার জন্য।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ৭৫-পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িকতার অজুহাত দেখিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। যারা সাম্প্রদায়িকতা দিয়ে আমাদের শাসন-শোষণ করতে চেয়েছিল, তারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমানিত করতে চেয়েছিল। তারা আমাদের গর্ব ও অহংকারের জায়গা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে।










