বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান।
তিনি বলেন, তারেক রহমান দেখা হবে তোমার সঙ্গে। তুমি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলো! তোমার মা একটা চোর। এতিমের টাকা আত্মসাৎকারী। তুমি একটা খুনি, কুলাঙ্গার। তোমাকে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে, অপেক্ষা করো। কবে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবা সময় ঘোষণা করো।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেক সহ্য করেছি। বিদেশের মাটিতে তারেক জিয়া বসে থেকে বলবে জাতীয়তাবাদীদের পিতা জিয়াউর রহমান। এই অন্যায় কখনো বাংলায় হবে না। এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমি মুরাদ আজ এই প্রেস ক্লাবে বললাম, আমি বাঙালি। আমি স্বাধীন বাংলায় জন্মগ্রহণ করেছি। আমি পাকিস্তানের মাটিতে জন্মগ্রহণ করিনি। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি কোনো কু-সন্তান নই।
তিনি বলেন, আমার মতো মেলা মুরাদ বেঁচে আছে। লন্ডনের আস্ফালন বন্ধ করতে কয়জন মুরাদ লাগবে? আমরা দেখবো। চার-পাঁচটা শেয়াল-কুকুর, তোমাদের শায়েস্তা করতে বেশি লোক লাগবে না। ইউটিউবে লেকচার দাও না? কত টাকা খাইছো? মানুষ বোঝে, আমরা ফিডার দিয়ে দুধ খাই না।











