২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। তবে এসময় ময়মনসিংহে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি।
আজ শনিবার (৯ অক্টোবর) মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে আট জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৪ জন হাসপাতাল ছেড়েছেন।
করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন, নেত্রকোনার দুই ও টাঙ্গাইলের একজন রোগী রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ রোগী রয়েছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ টি নমুনা পরীক্ষায় কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২১৭ জন।










