নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর দিনই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফিলিপাইনের সংবাদ সংস্থা ‘র্যাপলার’-এর প্রধান, প্রবীণ সাংবাদিক মারিয়া রেসা।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য বিপজ্জনক ফেসবুক। বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ঘৃণা, ভুয়া তথ্য ছড়ানো রুখতে সম্পূর্ণ ব্যর্থ। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে তথ্য নিয়ে একেবারেই নিরপক্ষ নয় সংস্থাটি।
এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন।
নোবেল শান্তি পুরস্কার পাওয়া এ সাংবাদিক বলেন, ফেসবুকের অ্যালগরিদমে সব সময়ে প্রাধান্য পায় মিথ্যা খবর, ক্ষোভ ও ঘৃণায় পরিপূর্ণ সংবাদ।
তিনি বলেন, বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ খবর সরবরাহকারী ফেসবুক। কিন্তু প্রায়শই দেখা যায়, তাদের খবর পক্ষপাতদুষ্ট। তথ্য নিয়ে পক্ষপাতিত্ব করে তারা, এমনকি সাংবাদিকতা নিয়েও।
সম্প্রতি এই একই অভিযোগে আমেরিকান কংগ্রেসের অধিবেশনেও সমালোচিত হয়েছে ফেসবুক। সংস্থার এক প্রাক্তন কর্মী ফ্রান্সেস হগেন সেনেটে দাঁড়িয়ে বলেছেন, শুধুমাত্র মুনাফা লুটতে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে ফেসবুক। সমাজে বিভাজন তৈরি করছে। ছোটদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে।
দেখা যায়, খুব অল্প বিষয়েই সহমত হতে দেখা যায় মার্কিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের। কিন্তু ফেসবুকের বিষয়ে দু’দলকেই একমত হতে দেখা গেছে।












