আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শিয়া ধর্মাবলম্বীদের মসজিদে শুক্রবারের ভয়াবহ আত্মঘাতি বোমা হামলার দায় সরাসরি তালেবানকে নিতে হবে বলে দাবি করছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ফেদা হোসেইন মালেকি।
তিনি বলেন, কুন্দুজের বিস্ফোরণ দায়েশ বা অন্য কোনো গোষ্ঠী চালিয়ে থাকতে পারে কিন্তু দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে থাকায় ওই বিস্ফোরণের দায় সরাসরি তালেবানের ওপর বর্তায়।
রোববার (১০ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
ফেদা হোসেইন মালেকি বলেন, তালেবান একদিকে ঘর গোছাতে ব্যস্ত অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও গোলযোগ অব্যাহত রয়েছে। গত ২০ বছরে আমেরিকা আফগানিস্তানে অসংখ্য অপরাধ চালিয়েছে এবং শেষ পর্যন্ত আফগান জনগণকে অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়েছে। সাম্প্রতিক সহিংসতা অব্যাহত থাকলে আফগানিস্তানে গৃহযুদ্ধ লেগে যেতে পারে।
তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠনসহ নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন ইরানের এই নেতা।
তার দাবি, আফগানিস্তানের বহু জাতিগোষ্ঠী উপেক্ষিত রয়ে গেছে। যেসব রাজনীতিবিদ ও অভিজ্ঞ ব্যক্তিত্বর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে ব্যবহার করা থেকেও তালেবান সরকার বিরত রয়েছে বলে তিনি দাবি করেন।












