কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মুহাম্মাদ রাশেদ খান হত্যা মামলার বিচারিক কার্যক্রমের নির্ধারিত পঞ্চম দফায় প্রথম দিনে আরও ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এসময় ওসি প্রদীপের বিরুদ্ধে থানায় আটকে রেখে মেয়েকে ধর্ষনের অভিযোগ করেন মামলার ২০ তম সাক্ষী বেবি বেগম।
রোববার (১০ অক্টোবর) সকাল সোয়া ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহনকালে তিনি এ অভিযোগ করেন।
এ সময় বেবি বেগম আদালতকে বলেন, ওসি প্রদীপ ও তার বাহিনী ২০২০ সালে আমার মেয়েকে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘদিন থানার দ্বিতীয়তলায় আটকে রেখে আমার মেয়েকে ধর্ষণ করে ওসি প্রদীপ। পরে জামিনে বেরিয়ে এসে আত্মহত্যার চেষ্টা চালায় আমার মেয়ে।
আদালতে বেবী বেগম আরও বলেন, বর্তমানে তিনি মেয়েকে কোথাও বিয়ে দিতে পারছেন না। এসময় আদালত বেবী বেগমকে পানি খেতে বললে তিনি ওসি প্রদীপসহ আসামীদের দেখিয়ে বলেন, ওদের দেখলে ঘৃণা হয় পানি খেতে পর্যন্ত ইচ্ছে করে না।
প্রশাসন ওসি প্রদীপের পক্ষে থাকায় মামলা করার সাহস পাননি দাবি করে বেবি বেগম বলেন, মেজর সিনহা হত্যা মামলার পর তিনি সাহস পেয়ে ওসি প্রদীপের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেছেন।












