সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশের ৮ বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে। তবে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর শুক্রবার (১০ এপ্রিল) থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০-৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
এদিক থেকে গত ২ দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। এতে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই।











