বোমা হামলাকারী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে গত ১২ বছরের ন্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার পরাজিত শক্তি, বোমা হামলাকারী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কেউ দেশে বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।
বুধবার (২০ অক্টোবর) রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি-ঘরে আগুন দেওয়া ও হামলা চালানো দুষ্কৃতকারীদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হতে হবে।
ফরিদুল হক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আমাদের সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সাংবিধানিক ভিত্তি। অশুভ চক্র যেন কোনোভাবেই আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এ বিষয়ে সমাজের সবাইকে সজাগ থাকতে হবে।











