বেইজিং-এর ‘এক চীন’ নীতি মেনে চলার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, তাইওয়ানের ব্যাপারে আমেরিকা যেন ‘এক চীন’ নীতি মেনে চলে; কারণ, নিজের একান্ত স্বার্থের স্থানে কোনো ধরনের আপোস করবে না বেইজিং।
শুক্রবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওয়েনবিন বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এটি পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। চীন নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং বেইজিং-এর এই অধিকারকে কেউ যেন অবজ্ঞা না করে।
ওয়েনবিন আরও বলেন, আমেরিকা যেন স্বায়ত্বশাসিত তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী অংশের কাছে ভুল বার্তা না পাঠায় এবং তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা যেন বিপন্ন না করে।
গত বৃহস্পতিবার রাতে সিএনএন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অ্যান্ডারসন কুপার প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞেস করেন, আপনি কী বলছেন যে, চীন হামলা করলে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মার্কিন সেনারা এগিয়ে যাবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন- হ্যাঁ, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার রয়েছে।
সূত্র: পার্সটুডে












