তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সরকারের সাথে বৈঠকে বসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আগামী ২৫ থেকে ২৬ অক্টোবর কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই-এর কাতার সফরের কথা রয়েছে। এই সফরে আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হবেন।
তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে মানবিক সহায়তা পাঠিয়েছে বেইজিং। তালেবান সরকারের সঙ্গে এখনও যেসব গুটিকয়েক দেশ রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক বজায় রেখেছে চীন তাদের অন্যতম। তবে তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বেইজিং।











