কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই যে মন্দিরে হামলা বা সাম্প্রদায়িক হামলা সৃষ্টি করা; আসলে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওদের যে উদ্দেশ্য সেটা ওরা পূরণ করার চেষ্টা করছে।
তিনি বলেন, প্রথমত: বিএনপিকে একটি সাম্প্রদায়িক দল হিসেবে জাতির সামনে তুলে ধরা। দ্বিতীয়ত: ভারতে নির্বাচন চলছে, সে নির্বাচনকে প্রভাবিত করা। তৃতীয়ত: বাংলাদেশে নির্বাচন আসছে, সেই নির্বাচনেও প্রভাব ফেলা।
বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী যুবদল এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারত করে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বাংলাদেশে অন্তত না। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে ভারতে, এখন যেটা হচ্ছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। অন্যায়ভাবে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি আগেই আশঙ্কা করেছিলাম, বিএনপিকে জড়াবে এবং সেটাই হলো।











