জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের একজন সংসদ সদস্য বলেছেন, ভারতের সঙ্গে আমাদের কীসের রক্তের সম্পর্ক। আমি একজন মুক্তিযোদ্ধা। সেই সময় প্রশিক্ষণের জন্য ভারতে গিয়েছিলাম। যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, তাদের দেশটি সম্পর্কে ধারণা নাই। ১৯৭১ সালের ২৬ মার্চে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার পর আমরা ভারতে যাই। ভারত যদি প্রশিক্ষণ, অস্ত্র না দিতো, তাহলে কীভাবে আমরা যুদ্ধ করতাম। তাই দেশটির সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক কথাটি ঠিক। রক্ত মানে শুধু পৈতৃকভাবে জন্ম নেওয়া নয়। যে আমার জন্য রক্ত দেয়, আমিও তার জন্য রক্ত দিই। এটাই রক্তের সম্পর্ক।
রবিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ভারত সীমান্তে অনেক সময় খুব ছোটখাটো কারণে আমাদের মানুষের ওপর গুলি চালায়, হত্যা করে। এটার প্রতিবাদ আমরা করি। বার্মার সঙ্গে ভারত রোহিঙ্গা ইস্যুতে আমাদের সমর্থন করে না, কোনও পদক্ষেপ নেয় না। সেটার সমালোচনা করি।
তিনি বলেন, কিন্তু একাত্তর সালে পাকিস্তানের চেহারা যারা দেখেননি, তারাই পাকিস্তানের প্রেমে পড়ে। যারা পাকিস্তানের প্রেমে কথা বলে, তাদের প্রতি ঘৃণা হয়।










