নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় আরিফ মিয়া (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আরিফ মিয়া শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে। ভোটের দিন ওই এলাকায় তাকে সিএনজি চালাতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন খোরশেদ আলম মিঠু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মেছবাহ উদ্দিন খন্দকার মিতুল।
বিকেল ৫টার দিকে ভোট গণনার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকসহ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে তারা ব্যালটসহ বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ।










