আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করেন না। এটা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি তাদের আস্থা নেই বলেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তাদের এমন বক্তব্য শুনলে মনে হয়, বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।
তিনি বলেন, আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।
ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।
পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লংঘন করছেন?
সূত্র : বাসস










