আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার অন্যায় এত গভীর যে, তিনি এতিমের টাকা মেরে দিছেন এজন্য বিচারিক আদালত পাঁচ বছরের জায়গায় ১০ বছরের সাজা দিয়েছেন। উনি এবং উনার ছেলেরা দুস্থদের টাকা মেরে দিয়েছে সেখানেও বিচারিক আদালত তাকে সাত বছরের সাজা দিয়েছেন। এতো কিছুর পরও মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দণ্ডাদেশ স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। উনি চিকিৎসা করাচ্ছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে আখাউড়ায় সড়কবাজার মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, তাদের দাঁড়াইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায় আর শুইতে দিলে ঘুমাইতে চায়। তাদের অবস্থা এখন এই রকম। আইন, আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে আইন চলবে না। আইন, আইনের বইয়ে যেভাবে চলে সেভাবেই চলবে।
আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, তারা বলতেছে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পরিবার যেহেতু একটি দরখাস্ত দিয়েছে, তুমি আইনের মারফতে ছেড়ে দাও। তখন খালেদা জিয়াকে দুটি শর্তে আমরা ছেড়ে দিলাম। তিনি বিদেশ যেতে পারবেন না, আরেকটি হলো তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।










