spot_img

বিএনপির রাজনীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র ও চক্রান্ত: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির যে তথাকথিত রাজনীতি পুরোটাই অপরাজনীতি। এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র ও চক্রান্ত।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দক্ষিণ পাশে টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বিএনপি নেতা আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, নাশকতা করে, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের দোসর তাদের কোনভাবেই রাজনীতি বলা যায় না। কোনো রাজনীতি কখনো যুদ্ধাপরাধীদের দোসর হতে পারে না। সুস্থ ধারার কোনো রাজনীতি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, ইতিহাস বিকৃতি করতে পারে না।

এসময় ডা. দীপু মনি আরও বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তকারিদেরই একজন মোয়াজ্জেম হোসেন আলাল যে ঔদ্ধত্যপূর্ণ আচারণ করেছেন তার প্রতিবাদে এই কর্মসূচি। আমি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাতে এসেছি। আমি আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোনো সুস্থ সমাজে এটি নিশ্চয় গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সারা দেশ আজ ক্ষুব্ধ তার কারণ এ ধরনের অসদাচারণ কখনোই কারো কাছেই কাম্য নয়। আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে এ ধরনে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে সে আইন প্রয়োগ করা হোক, আমি সেটি কমনা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ