অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ত্রীর নির্দেশে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন। তিনি দুবাই থেকে দেশে ফিরছেন।
সব কিছু ঠিক থাকলে দুবাই থেকে রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় ফিরবেন।
শনিবার (১১ ডিসেম্বর) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।
তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
ডা. মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতেও ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশে প্লেনের একটি টিকিট কেটেছেন।










