নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে রাজধানীকে। কয়েক স্তরের নিরাপত্তায় পালিত হবে বিজয়ের সুবর্ণজয়ন্তী। সাভার স্মৃতিসৌধ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, শেরেবাংলা নগরস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ড ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
একইসঙ্গে এবার বিজয় দিবসে যেসব বিদেশি রাষ্ট্রীয় অতিথি আসবেন তাদের অবস্থানের জায়গাসহ যেসব স্থানে তারা যাবেন এবং যেসব সড়ক ব্যবহার করবেন সবখানেই থাকবে কঠোর নিরাপত্তা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের সব সেনানিবাসে বিজয় দিবসের ক্ষণগণনা, কনসার্ট, লেজার শো, প্রকাশনা ও মেলার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি সংগ্রহ, প্রকাশনাও অব্যাহত রয়েছে। শান্তিরক্ষী বাহিনীর অবদান তুলে ধরে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দেশের সব প্রাথমিক স্কুলে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হচ্ছে।











