পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর আমেরিকার নিষেধাজ্ঞায় দেশটির প্রতি পালটা অ্যাকশনে যাওয়ার মানসিকতা বাংলাদেশের নেই। আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি-আমরা ভালো কাজ করছি। দোষারোপের মানসিকতা আমাদের নেই।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বলেন, আমাদের বড় লক্ষ্য হলো-আমাদের মানুষের উন্নয়ন কীভাবে করতে পারি। কীভাবে কল্যাণ আরও বাড়াতে পারি। সবার সঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদের পররাষ্ট্রনীতিও এটি। তাই সবার সঙ্গে বন্ধুত্ব রেখে আমরা কাজ করতে চাই। কারও বিরুদ্ধে আমাদের কোনো ধরনের আক্রোশ নেই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ প্রসঙ্গে ড. মোমেন বলেন, তার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার কথা তিনিও বুঝেছেন। তাকে বলেছি, র্যাব আপনাদের লক্ষ্য অর্জনে কাজ করছে। আপনাদের যে গ্লোবাল পলিসি-সন্ত্রাস কমানো, মাদক কমানো-এসব বিষয়ে র্যাব কাজ করছে। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা আলোচনা করবেন। আলোচনার সুযোগ আছে।
র্যাবের ওপর দেশের মানুষের আস্থা রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, র্যাব আমাদের দেশের দক্ষ সংস্থা। এ বাহিনীর কারণে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে। মানব ও মাদক পাচারও কমেছে। তাদের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস আছে। তারা দেশের নিরাপত্তা বাড়াচ্ছে, মানবাধিকার রক্ষা করছে।










