spot_img

দুই কূটনীতিক পেলেন বঙ্গবন্ধু পদক

দেশের স্বার্থ রক্ষা এবং সম্পর্ক উন্নয়নে দুই কূটনীতিককে “বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স-২০২০” দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. মুহাম্মাদ খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরিকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে দুই কূটনীতিককে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম পুরস্কার পাওয়া ব্যক্তির নাম ঘোষণা করেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই কূটনীতিকের হাতে পদক তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনীতিক খুরশেদ আলম বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ, সুনীল অর্থনীতি উন্নয়ন ও আন্তর্জাতিক সমুদ্র কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পদক দেওয়া হয়।

এ কূটনীতিক ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশের ডেপুটি এজেন্ট হিসেবে আদালতে সমদূরত্ব নীতির পরিবর্তে ন্যায্যতার নীতি প্রতিষ্ঠার পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তাছাড়া তার নেতৃত্বে বঙ্গোপসাগরে জরিপ কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ ২০১১ সালে আনক্লোস নির্ধারিত সময়সীমার মধ্যেই মহীসোপান সংক্রান্ত দাবি উত্থাপন করে।

তিনি বাংলাদেশের সুনীল অর্থনীতির উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়া তিনি গত সালে আন্তর্জাতিক সি-বেড অথরিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আমিরাতের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মেহরি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সুরক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। তিনি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমশক্তি রফতানি পুনরায় চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ