spot_img

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের জন্য সম্মানের নয়: কৃষিমন্ত্রী

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের জন্য সম্মানের নয় বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের জন্য সম্মানের নয়। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেই একই পদ্ধতিতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবন মিলনায়তনে বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত দীর্ঘ ২১ বছর স্বৈরাচার, সামরিক ও গণতন্ত্রের লেবাসে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। সেই পরিস্থিতিতে গণতন্ত্রকে স্থিতিশীল করতে তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এখন আর সেটির কোনো প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী দেশের স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারে।

বিএনপিকে উদ্দেশ করে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সংলাপে অংশগ্রহণ না করা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ না। আপনারা সুনাগরিক হলে, দায়িত্বশীল দল হলে, জনগণের প্রতি দায়বদ্ধ দল হলে সংলাপে অবশ্যই যাবেন এবং ইসি গঠন বিষয়ে রাষ্ট্রপতিকে গঠনমূলক সুপারিশ প্রদান করবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ মানুষ। নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব তার ওপর। তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। অথচ বিএনপি বলছে, তারা সেই সংলাপে যাবে না। বিএনপির এমন ভাবনা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ