হবিগঞ্জের লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোড়াকরি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল) পক্ষে একটি মিছিল বের করা হয়। এ সময়ে অপর স্বতন্ত্র প্রার্থী সালা উদ্দিন সুমনের (চশমা) সমর্থকদের মিছিল মুখামুখি হয়। তখন তাদের মাঝে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











