পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, আমাদের লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা অর্জন করবো। কিন্তু এটা অর্জন করতে হলে সামনে আমাদের অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। তবে বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আমাদের আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। আগামীর ভবিষ্যৎ হচ্ছে এশিয়া, আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ।










