পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষার্থীদের ইতিহাস ও ভূগোল বেশি করে পড়াতে হবে। আমরা কেমন ছিলাম তা শিক্ষার্থীদের জানতে হবে। জীবনের সব কাজে নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আমাদের সঠিক নেতৃত্ব আছে। আমাদের নেতৃত্ব অত্যন্ত পরিষ্কার, সহজ সরল। তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২১০০ সালে আমরা পৃথিবীতে নতুন পরিচয়ে দাঁড়াবো।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে নিরলস পরিশ্রম ও সঠিক পরিকল্পনায় উন্নয়নের এই পরিবর্তন শুরু হয়েছে। আমাদের যে কোনো ক্ষেত্রে উন্নয়নে জন্য শ্রম, পরিকল্পনা ও নেতৃত্বের প্রয়োজন। নিজেদের পরিচয় পুনরুদ্ধার হয়েছে, তা সংরক্ষণ করতে হবে। আমাদের সভ্য, বিজ্ঞানমনস্ক, উন্নত, সুস্থ মনমানসিকতা সম্পন্ন মানুষ হতে হবে।
তিনি বলেন, পাকিস্তানিদের শাসন-শোষণ, নির্যাতন, বঞ্চনায় আমরা নিষ্পেষিত ছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের পরিচয় পুনরুদ্ধার হয়েছে, এখন সংরক্ষণ করা প্রয়োজন। তরুণদের দেশের মাটিতে, দেশের দলের বিরুদ্ধে বিপক্ষ দলের প্রতি সমর্থন করা দুঃখজনক। যাদের আত্মত্যাগে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আমরা বারবার স্বীকার করবো, তাদের স্মরণ করবো।










