নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় দেশ অন্ধকারে তলিয়ে যায়। স্বাধীনতাবিরোধী ও রাজাকার গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে উল্টোপথে নিয়ে যায়। দেশ পরিচালনায় রাজাকারদের সামনে নিয়ে আসা হয়। মুক্তিযোদ্ধারা আলোর মুখ দেখেনি। দেশ অন্ধকারের দিকে ধাবিত হয়। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা অহংকার করে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের কথা বলতে পারি। সোনার বাংলা গড়ার প্রত্যয়ের কথা বলতে পারি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবিলা করেছে, তাও বিশ্বের মাঝে রোল মডেল হয়েছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই মহামারিকে মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রীর কল্যাণে আমরা বাংলাদেশের জনগণকে নিরাপদ রাখতে সমর্থ হয়েছি।
তিনি বলেন, করোনা মহামারিতে সমগ্র পৃথিবীর অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছে, তখন পৃথিবীর ৫টি অগ্রসরমান অর্থনীতির একটি বাংলাদেশ। সমগ্র পৃথিবীতে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ১০০ বছরের কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি বাস্তবায়নে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।










