ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পাঠানো শোকবার্তায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সৌদি বার্তা সংস্থা এসপিএ’র বরাতে সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।
সৌদি গ্যাজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পাঠানো বার্তায় লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ।
এছাড়া, পৃথক বার্তায় সৌদি যুবরাজও লঞ্চ দুর্ঘটনায় ভুক্তভোগীদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দুআ করেছেন।










