পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ বলেছেন, করোনা সংক্রমণ যখন বাংলাদেশের শুরু হয়, তখন এ নিয়ে কী করা হবে বা চিকিৎসা ব্যবস্থা কী-এর বিষয়ে সুনির্দিষ্ট কোনও ধারণা ছিল না। এ প্রেক্ষিতে আমরা মহাকাব্যের যুদ্ধে লিপ্ত হই। সেই যুদ্ধের অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ আজকের এই ইনসিগনিয়া পাওয়া।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার অনুমোদিত ‘করোনা ইনসিগনিয়া’ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, করোনাকালীন কর্তব্য পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৭ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। ২৬ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সুস্থ হয়ে আগের জায়গায় সবাই ডিউটি করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় করোনাকালীন আমরা কাজ করে গিয়েছি। আমরা শুধু আমাদের সহকর্মীদের সুরক্ষিত করিনি, জনগণকেও সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। বাস্তবায়ন থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি চলাচল নিশ্চিতের কাজ করেছে পুলিশ। গত দেড় বছরের বেশি সময় আমরা গবেষণার মধ্য দিয়ে অতিবাহিত করেছি।










