বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি। বর্তমানে প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অদূর ভবিষ্যতে সেই লক্ষ্যও পূরণ হবে।
রোববার (২ জানুয়ারি) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পুলিশ একাডেমিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে নবনিযুক্তদের উদ্দেশ করে পুলিশ মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেন, তোমাদের ভাগ্য তোমরা দক্ষতা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পেয়েছ। সেই কারণে তোমাদের সততার মাধ্যমে দায়িত্বপালন করতে হবে। জাতির জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, পুলিশে যোগদান কোনো চাকরি নয়। এটি একটি সেবা। দেশের মানুষকে সততার মাধ্যমে সর্বদা বৈষম্যহীন সেবা দিতে হবে।
আইজিপি বলেন, পুলিশকে সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে হবে। এই ব্রত মননে ও বিশ্বাসে ধারণ করতে হবে।










