সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের ১৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করার অভিযোগ আনা হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি কর্মী নাসির উদ্দিন বাদী হয়ে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন।
মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন মামলাটি শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।











