তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, ‘আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না, যদিও করে জোড়াতালি দিয়ে একটি সেতু হবে’। পৃথিবীর সব সেতু কিন্তু জোড়া দিয়েই হয়। প্রধানমন্ত্রী যেহেতু পদ্মা সেতুর এপার থেকে ওপারে গেছেন, ওপার থেকে এপারে এসেছেন, এখন বিএনপি নেতারা কী বলবেন সেটি শোনার অপেক্ষায় আছি। বিএনপি নেতারা কখন পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেটির জন্য বসে আছি। কারণ, তারা এ সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন।
সোমবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকতা পেশার মানদণ্ড বিষয়ে প্রেস কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু, এরইমধ্যে সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী তার ছোট বোনকে (শেখ রেহানা) নিয়ে পদ্মা সেতুর এপার থেকে ওপারে গাড়ি চালিয়ে গেছেন। সেখানে খুশিতে দুই কিলোমিটার হেঁটেছেন। গাড়ি চালিয়ে ওপার থেকে এসেছেন, তার মানে পদ্মা সেতু হয়ে গেছে।
তিনি বলেন, বিশ্বব্যাংকের যারা এই সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আশা করছি তারাও পদ্মা সেতু দেখে আসবেন, সেই অপেক্ষায়ই আছি। একটি দেশ কীভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র উপড়ে ফেলে এমন একটি সেতু করতে পারে, এটা তারই নজির। যারা পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল তারা নিশ্চয়ই পদ্মা সেতু দেখে লজ্জিত হবেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বহুমাত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশে মতপ্রকাশের যে স্বাধীনতা, তা অনেক উন্নয়নশীল দেশে নেই। উন্নত দেশগুলোতে মতপ্রকাশের স্বাধীনতা যেমন আছে, সেখানে জবাবদিহিতাও আছে।










