এ সপ্তাহের রবিবার দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে একটি অভিবাসী জাহাজডুবির ঘটনা ঘটে। এ জাহাজটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের অভিবাসীসহ মোট ২০০ জনেরও বেশি মানুষ ছিল। যার মধ্যে থেকে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আফগান নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি নারী ও শিশুসহ ৮০ জন আফগান শরণার্থী তুরস্ক থেকে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে মারা গিয়েছে।”
বিবৃতিতে, নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের জন্য ধৈর্য ধরার প্রার্থনা করা হয়েছে।
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনরায় আফগান নাগরিকদের অবৈধ অভিবাসনের মাধ্যমে বিদেশে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ইতালীয় সংবাদ সংস্থাগুলি জানিয়েছে এ জাহাজ ডুবির ঘটনায় ৬৪ জন নিহত হয়েছে। যার মধ্যে পাকিস্তানের অন্তত ২৮ জন নাগরিক ছিল।
সূত্র: কেপি











