রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
তিনি বলেন, আমরা এটাকে অস্বীকার করি না যে, আমরা একদিকে পরিষ্কার করি, তারা আবার এখানে বসে। আমরা এটা শুরু করেছি, নিয়মিত মনিটর করার চেষ্টা করব।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ধোলাইখাল এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ডিআইজি (ট্রাফিক) বলেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের জনবল ও সম্পদ কম আছে এবং আমরা প্রতিনিয়ত সবসময় এটা পারব না। মানুষ সচেতন না হলে, লোকাল কমিউনিটি আমাদের সহযোগিতা না করলে একা এই কাজ আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা এটা ধরে রাখার চেষ্টা করব।
তিনি বলেন, এখানে সবাই ব্যবসায়ী। ব্যবসা একটি দেশের অর্থনীতির জন্য অপরিহার্য। সুতরাং তারা ব্যবসা করবেই। তবে ব্যবসা-বাণিজ্য যা-ই করা হোক না কেন, মানুষের দুর্ভোগ বা হয়রানি সৃষ্টি করা যাবে না। আমাদের এই অভিযান চলতেই থাকবে। আমরা আজ শুধু সতর্ক করছি না, অ্যাকশনেও নেমেছি। আপনারা দেখছেন, আমরা অনেক মালামাল বাজেয়াপ্ত করেছি।
এসময় লালবাগ বিভাগের ডিসি (ট্রাফিক) মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।










