spot_img

যুদ্ধ শুরুর এক মাস যেতে না যেতেই পালাবার পথ খুঁজছেন ট্রাম্প: ইরানের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেছেন, এই যুদ্ধে ইরান আগে থেকে কোনো আক্রমণ করেনি। আমেরিকা ও ইসরাইল এই যুদ্ধ শুরু করেছে। তবে যুদ্ধের এক মাস যেতে না যেতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন। আমেরিকা যুদ্ধ বন্ধ করার কথা বলছে। কিন্তু যুদ্ধ আমরা শুরু করিনি; ইরান শুরু করেনি। যুদ্ধ শুরু করেছে আমেরিকা ও ইসরাইল। আমরা কখনোই যুদ্ধ চাই না; আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং দ্রুত যুদ্ধ শেষ হোক। আমরা আত্মরক্ষায় সক্ষম, এ ব্যাপারে আমরা সন্তুষ্ট।

আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বাস্তবতা হলো, এই তথাকথিত পরাশক্তি আমাদের ওপর হামলা শুরুর এক মাসের মধ্যেই এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করেছে। তারা আমাদের অনেক নেতা ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে, কিন্তু আমরা দ্রুত তাদের পরিবর্তে নতুন নেতৃত্ব স্থাপন করেছি। আমাদের সক্ষমতা অটুট রয়েছে।

ইরানের রাষ্ট্রদূত বলেন, আপনারা জানেন, আমেরিকার আগ্রাসনের পর আমরা এখন প্রায় এক মাসের বেশি সময় অতিক্রম করেছি। যখন এই যুদ্ধ শুরু হয়, তখন আমরা আমেরিকার সঙ্গে আলোচনা ও সংলাপে ছিলাম। ওমানের মধ্যস্থতায় এই আলোচনা চলছিল এবং তা খুবই ইতিবাচকভাবে এগোচ্ছিল; একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব ছিল।

তিনি বলেন, কিন্তু দুঃখজনকভাবে, আলোচনার মাঝামাঝি সময়ে ইসরাইলের উসকানিতে আমেরিকা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। একটি প্রবাদ আছে, কুকুর তার লেজ নাড়ায়; কিন্তু এখানে আমরা উল্টোটা দেখছি, লেজই কুকুরকে নাড়াচ্ছে। অর্থাৎ ইসরাইল আমেরিকা, উপসাগরীয় দেশগুলো এবং পুরো মধ্যপ্রাচ্যকে তার যুদ্ধবাজ নীতির জন্য ব্যবহার করছে।

জলিল রহীমি বলেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা জোটবদ্ধ থাকে, ততক্ষণ তারা আক্রমণ করে; আবার যখন অস্ত্রের ঘাটতি দেখা দেয়, তখন তারা শান্তির কথা বলে। এটি হতে পারে না যে, তাদের বিপদের সময় তারা যুদ্ধবিরতির কথা বলবে আর আমরা তা মেনে নেব।

তিনি বলেন, আমরা এখনও প্রতিদিন ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছি এবং আমাদের সামরিক শক্তি বহাল আছে। আমরা অন্তত ১৪টি মার্কিন ঘাঁটি ধ্বংস করেছি। যেখানে যেখানে তারা আমাদের বিরুদ্ধে বৈঠক বা ষড়যন্ত্র করছে, হোটেল, বিমানবন্দর বা অন্য কোথাও, আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ