spot_img
spot_img

ট্রাম্পের যুদ্ধবিরতি ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ডোনাল্ড ট্রাম্প চান এই যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে। আমেরিকার প্রেসিডেন্টের এমন আশ্বাসের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। একই সঙ্গে ইউরোপের শেয়ারবাজারও বেড়েছে।

বুধবার (১ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে ট্রাম্প বলেছেন, “আমেরিকা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করতে পারে।”

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। বুধবার (১ এপ্রিল) দিনের শুরুতে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। সর্বশেষ তা ৯৯.৩২ ডলারে লেনদেন হচ্ছে।

ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.৭ শতাংশ বেড়েছে। জার্মানির ডিএএক্স ২.৫ শতাংশ বেড়েছে এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২.১ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গত পাঁচ সপ্তাহ ধরে চলা আমেরিকা-ইসরাইল ও ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বিশেষ করে যুদ্ধের শুরুতে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ করে দিলে সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।

তবে সাম্প্রতিক পতন সত্ত্বেও তেলের দাম এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক বেশি। ২৮ ফেব্রুয়ারির তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম এখনো প্রায় ৩৯ শতাংশ বেশি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার ওপর নির্ভর করেই আগামী দিনে তেলের বাজারের দিক নির্ধারিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ