spot_img
spot_img

বগুড়ায় নারী ইউপি সদস্যের বাড়িতে গাঁজা, স্বামীসহ গ্রেফতার ৩

বগুড়ার শেরপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগমের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। এ সময় ওই ইউপি সদস্যের স্বামীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩১ মে) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়েরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ওই ইউপি সদস্যের স্বামী আশগ্রামের দশের আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিলন মিয়া (৪২), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহিসাচাপর গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল উদ্দীন (৪৫) ও একই গ্রামের জটাধারী মাহাতোর ছেলে শ্রী মন্টু চন্দ্র মাহাতো (৫০)।

জানা যায়, ইউপি সদস্য হাসিনা বেগমের বাড়িতে গাঁজা-ফেন্সিডিলসহ রকমারি মাদক দ্রব্যের বড় ধরণের চালান এসেছে- গোপনে এমন সংবাদ পেয়ে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদস্যরা সোমবার বিকেলে সেখানে অভিযান চালান। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে ওইসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজাসহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করার পর র‌্যাবের কর্মকর্তা মোশতাক হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। পরে গ্রেফতার ব্যক্তিদের বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ