খুলনার কয়রার কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার তাড়া খেয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
মঙ্গলবার (০১ জুন) সকালে মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের পর বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। নিয়মিত জোয়ারভাটা আসা-যাওয়ার কারণে ওই বাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি। তাই স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করছিলেন এলাকার কয়েকশ মানুষ।
পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ আক্তারুজ্জামান। এ সময় বাঁধে কাজ করা উত্তেজিত জনতা সংসদ সদস্যকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাঁদা ছুড়ে মারতে থাকেন ট্রলারের দিকে। বাধ্য হয়ে সেখান থেকে ট্রলার নিয়ে চলে যান আক্তারুজ্জামান।
এ বিষয়ে আক্তারুজ্জামান এমপি বলেন, স্থানীয় মানুষ চান টেকসই বেড়িবাঁধ। প্রতিবছর ভাঙনে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। ভাঙন এলাকায় কাজ করছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে গেলে তাকে (সংসদ সদস্য) দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেছেন। তবে তাকে বহনকারী ট্রলারে কাঁদা ছুড়ে মারা হয়নি বলে দাবি করেছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান।












